কবে খুলবে শিক্ষাঙ্গন
- ২৮ জুলাই ২০২৪, ১৩ শ্রাবণ ১৪৩১, ২১ মহররম ১৪৪৬
শিগগিরই নয় বিশ্ববিদ্যালয়, ঢাকার বাইরের স্কুল-কলেজ খুলতে পারে আগে
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শিগগিরই খুলছে না। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে অস্থিরতার কারণে গত ১৭ জুলাই থেকে বন্ধ রয়েছে সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়। একই সাথে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পর্যায়ের স্কুল কলেজ, মাদরাসা ও পলিটেকনিক ইনস্টিটিউটও বন্ধ রয়েছে। যদিও সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের রায়ে সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত শিক্ষার্থীদের দাবি ইতোমধ্যে পূরণ করা হয়েছে। কিন্তু দেশব্যাপী আন্দোলন ও সহিংসতায় অনেক শিক্ষার্থী নিহত ও অসংখ্য ছাত্র-জনতা আহত হওয়ার প্রতিবাদে আন্দোলনের রেশ এখনো রয়েই গেছে। এই পরিস্থিতিতে সারা দেশে জারি করা কারফিউ এখনো বলবৎ রয়েছে। তাই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো এখনি খুলে দেয়ার সম্ভাবনা কম বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা।



