তরুণীর ঘাটতিগুলো শুনে তদবিরকারী সাহেব বললেন, ‘শিখিয়ে পড়িয়ে নেবেন’
- ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ১ মহররম ১৪৪৬
বিটিভিতে তদবিরের রকমফের
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক হিসেবে কর্মজীবনের (২০১৬-২০২১) শেষ অধ্যায়টি পার করেছেন হারুন রশীদ। এর আগে সরকারের বিভিন্ন দপ্তরে নানা পদে কাজ করেছেন। সেই অভিজ্ঞতার বয়ান তিনি দিয়েছেন তাঁর ‘আমলাবেলা’ নামের আত্মজৈবনিক বইয়ে। গত বইমেলায় প্রকাশিত বইটিতে তিনি বিটিভিতে নিজের চাকরির পর্বকে বর্ণনা করেছেন ‘এ যে ভীষণ যন্ত্রণা’ শিরোনাম দিয়ে। এই পর্বের বিশেষ অংশগুলো নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। আজ থাকছে দ্বিতীয় ও শেষ পর্ব
কথায় বলে, সূর্যের চেয়ে বালির উত্তাপ বেশি। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নেতারা যতটা না দাপট দেখান, তার চেয়ে ঢের বেশি চোটপাট করেন তাঁদের তদবিরে অনুষ্ঠান করতে আসা তথাকথিত তারকা বা রাজনৈতিক দলের আদর্শের ধারক–বাহকেরা। বইটিতে অনেক উদাহরণ আছে। এখানে শুরুতে দুটি দৃষ্টান্ত তুলে ধরা হলো বিটিভির অনুষ্ঠানের নেপথ্যে কী ঘটে, তা পাঠককে জানাতে।
প্রথম: মাতৃভক্ত সন্তান
এক সুদর্শন যুবক। খুব সাধারণ মানের গানের শিল্পী তিনি। ছাত্রজীবনে যুক্ত ছিলেন বৃহত্তর রাজনৈতিক দলের ছাত্রসংগঠনে। সেই সূত্রে অনুষ্ঠান পরিকল্পনা ও উপস্থাপনা করতে তাঁর বিটিভিতে শুভাগমন। এই মাতৃভক্ত সন্তান নিজের পরিকল্পনায় একটি অনুষ্ঠানের পাশাপাশি অবিলম্বে তাঁর মায়ের পরিকল্পনায় একটি অনুষ্ঠানের উপস্থাপনা শুরু করেন।



