হামাসের অনুমোদিত গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে যা রয়েছে
- ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যে যুদ্ধবিরতি চুক্তিতে সোমবার রাজি হয়েছে তার কপি আল জাজিরা প্রকাশ করেছে। মিসর ও কাতারের প্রস্তাবিত এই চুক্তিতে তিনটি পর্যায় পর্যায় বা ধাপ রয়েছে। এতে চূড়ান্ত পর্যায়ে স্থায়ী যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরাইলি সৈন্য পূর্ণ প্রত্যাহারের কথা বলা হয়েছে।
চুক্তিতে গাজায় বন্দী ইসরাইলি বন্দীদের মুক্তি নিশ্চিত করা হয়েছে এবং সেইসাথে ইসরাইলি কারাগারগুলোতে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির কথা বলা হয়েছে। তবে কতজন ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হবে, তা উল্লেখ নেই।
ইসরাইল ও হামাসের এই যুদ্ধবিরতি চুক্তির মূল কথা হলো, উভয় পক্ষ তাদের হাতে থাকা সকল বন্দীকে মুক্তি দেবে এবং স্থায়ী শান্তি কার্যকর করবে। এছাড়া গাজা পুনর্গঠন এবং অবরোধ প্রত্যাহারের নিশ্চয়তা দেয়া হয়েছে। তিন ধাপে বা পর্যায়ে চুক্তিটি বাস্তবায়িত হবে।
প্রথম ধাপ (৪২ দিন)
দুই পক্ষের মধ্যে একটি সাময়িক অস্ত্রবিরতি হবে। এ সময় ইসরাইলি বাহিনী পূর্ব এলাকা এবং ঘনবসতিপূর্ণ স্থানগুলো থেকে সরে যাবে।
প্রতিদিন ১০ ঘণ্টা করে গাজা উপত্যকার ওপর দিয়ে সকল ধরনের বিমান চলাচলে ও উড্ডয়ন বন্ধ থাকবে। আর যখন বন্দীদের মুক্তি দেয়া হবে, তখন বিমান চলাচল ও উড্ডয়ন বন্ধ থাকবে ১২ ঘণ্টা।



