বৃষ্টির প্রত্যাশায় সালাতুল ইসতিসকা
- ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
সারা দেশের তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বৃষ্টির জন্য চারিদিকে তীব্র হাহাকার। এমতাবস্থায় মহান আল্লাহর দরবারে নামাজ পড়ে বৃষ্টির জন্যে প্রার্থনা করা সুন্নাত। বৃষ্টির যিনি মালিক তার কাছেই ধরনা দিতে, তার কাছেই বৃষ্টি প্রার্থনা করতে বলে ইসলাম। ইসলামী পরিভাষায় এই দোয়ার নাম ইসতিসকা বা সিক্তকরণের দোয়া এবং নামাজের নাম ‘সালাতুল ইসতিসকা’ বা ‘বৃষ্টি কামনায় নামাজ’।
ইসতিসকার নামাজ সুন্নতে মুয়াক্কাদা। নবী সা: নিজেই ইসতিসকার নামাজ আদায় করেছেন। আবদুল্লাহ ইবনে জায়েদ থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, ‘রাসূলুল্লাহ সা: নামাজের মাঠের দিকে বের হয়ে গেলেন, এরপর আল্লাহর কাছে পানি তলব করলেন। তিনি কিবলামুখী হলেন। তার চাদর উল্টিয়ে পরলেন এবং দুই রাকাত নামাজ আদায় করলেন।’ (বর্ণনায় বুখারি ও মুসলিম)
ইসতিসকার নামাজের পদ্ধতি : ঈদের নামাজের মতোই আজান ও ইকামত ব্যতীত দুই রাকাত নামাজ জামাতের সাথে ময়দানে আদায় করা। ঈদের জামাতের মতোই জোরে কিরাত পাঠ করবে। শুধু এতটুকু পার্থক্য যে, ইসতিসকার নামাজে অতিরিক্ত কোনো তাকবির নেই।



