ইচ্ছাকৃত ঋণখেলাপিদের তদারকি বাড়ানোর পরামর্শ আইএমএফের
- ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
একধরনের গ্রাহক ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন। কিন্তু তা যথাসময়ে ফেরত দিচ্ছেন না। বরং বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংকের নানা ছাড়ের আওতায় পার পেয়ে যাচ্ছেন। কখনো ঋণ পরিশোধ না করেও খেলাপি হচ্ছেন না, কখনো নামেমাত্র ডাউন পেমেন্ট দিয়ে পার পেয়ে যাচ্ছেন। আবার কখনো ঋণ পুনর্গঠনের নামে ছাড় পেয়ে যাচ্ছেন। বছরের পর বছর ইচ্ছাকৃত ঋণখেলাপিদের কারণে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে। এমনি পরিস্থিতিতে সফররত আইএমএফের প্রতিনিধিরা বাংলাদেশ ব্যাংকের কাছে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কী ধরনের ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছে। একই সাথে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে তদারকি ব্যবস্থা বাড়ানোরও পরামর্শ দিয়েছেন।
গতকাল আইএমএফের প্রতিনিধিরা বাংলাদেশ ব্যাংকের একাধিক বিভাগের সাথে বৈঠক করে এসব বিষয়ে পর্যালোচানা করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আইএমএফের কাছ থেকে ঋণ পাওয়ার শর্ত কতটুকু পরিপালন করা হয়েছে সে বিষয়ে পর্যালোচনা করছে আইএমএফের প্রতিনিধিরা। পাশাপাশি বিদ্যমান ঝুঁকিভিত্তিক পরিদর্শন ব্যবস্থা চালুর বিষয়ে পর্যালোচনা করেছে আইএমএফ ও বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা। এজন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আগাম ঝুঁকিব্যবস্থাপনা নিরূপণে ১৬টি কার্যপ্রণালী নিয়ে পর্যালোচনা করা হয়েছে।



