রাস্তা খোঁড়াখুঁড়িতে ভোগান্তিতে রাজধানীবাসী

রাস্তা খোঁড়াখুঁড়িতে ভোগান্তিতে রাজধানীবাসী - ছবি : নিউজমিডিয়া24

একদিকে তীব্র গরম অন্যদিকে রাস্তা খোঁড়াখুঁড়িতে নগর জীবনে ব্যাপক ভোগান্তি তৈরি করেছে। জুনের আগে কাজ শেষ করার তাগিদে একযোগে রাজধানীর অনেক সড়ক খোঁড়াখুঁড়ি করা হচ্ছে। মাটি ফেলে রাখা হচ্ছে সড়কেই। ধুলাবালিতে দূষিত হচ্ছে পরিবেশ। সাথে রাস্তা সরু হয়ে সৃষ্টি হচ্ছে যানজটের। এসব সড়ক দিয়ে চলতে ভোগান্তির যেন অন্ত নেই নাগরিকদের।
রাজধানীর মতিঝিল, টিকাটুলি, ইত্তেফাক মোড়, বঙ্গভবনের পশ্চিম দিকের রাস্তা, মতিঝিল টিঅ্যান্ডটি কলোনি, সেগুনবাগিচা, কমলাপুর, মিরপুর, মোহাম্মদপুর, মালিবাগ, হাজীপাড়া, বাসাবোসহ রাজধানীর অনেক সড়কে একযোগে খোঁড়াখুঁড়ি চলছে।

গত জানুয়ারি থেকে শুরু হয়েছে রাস্তা কাটাকাটি ও খোঁড়াখুঁড়ির কাজ, এখনো চলছে। কোথাও ঢাকা ওয়াসার, কোথাও-বা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) কাজ চলছে। আবার কিছু সড়কে চলছে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নগর কর্তৃপক্ষের কাজ। এসব পরিষেবা সংস্থার কাটাকাটি-খোঁড়াখুঁড়িতে যান চলাচল দূরে থাক, হাঁটাই দায়! কখনো ধুলো, কখনো কাদায় ভীষণ ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে। শুধু তাই নয়, এলাকায় বায়ুদূষণের মাত্রাও অনেক বেড়ে গেছে। সঙ্গত কারণেই স্বাস্থ্যঝুঁকিতেও রয়েছে রাজধানীবাসী, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা। নিতান্ত বাধ্য হয়েই প্রতিদিন এসব পথে আসা-যাওয়া করছেন কর্মজীবী, শিক্ষার্থীসহ নানা শ্রেণী-পেশার মানুষ। জানা গেছে, রাস্তা সংস্কার করতে আরো এক থেকে দুই মাস লাগতে পারে। অর্থাৎ এমন ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকি আরো বেশ কিছুদিন ভোগ করতে হবে নগরবাসীকে।

আরো সংবাদ


AD HERE