খান ইউনিসে ইসরাইলি বাহিনীর ব্যাপক ক্ষতি
- ০৭ এপ্রিল ২০২৪, ২৪ চৈত্র ১৪৩০, ২৭ রমজান ১৪৪৫
গাজা উপত্যকার খান ইউনিসে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসরাইলি বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। হামাসের সশস্ত্র শাখা আল কাসসাম বিগ্রেড দাবি করেছে, তারা বেশ কয়েকজন ইসরাইলি সৈন্যকে হত্যা করেছে।
গাজা উপত্যকার এই এলাকায় কয়েক মাস ধরে যুদ্ধ চলছে। অক্টোবরে হামলা শুরুর পর থেকেই এখানে হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। কিন্তু এখনো ঘন বসতিপূর্ণ এই এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি।
কাসসাম বিগ্রেড এক বিবৃতিতে দাবি করেছে, তারা আজ-জান্না এলাকায় ৯ ইসরাইলি সৈন্যকে হত্যা করেছে। এলাকাটি ইসরাইলের সীমান্ত-লাগোয়া। নগরীর অন্যান্য স্থানেও লড়াই চলছে। ওইসব এলাকায় আরো অন্তত পাঁচ ইসরাইলি সৈন্যকে হত্যা করার দাবি করেছে কাসসাম ব্রিগেড। তারা কয়েকটি ইসরাইলি ট্যাংককে টার্গেট করার দাবিও করেছে।
তবে ইসরাইলি বাহিনী এখনো তাদের হতাহতের ব্যাপারে কোনো তথ্য দেয়নি।
খান ইউনিস থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, ভিক্টিমদের সরিয়ে নিতে নগরীর পূর্ব দিকে তিনটি ইসরাইলি হেলিকপ্টার অবতরণ করেছে।



