আইএমএফের ঋণ প্রাপ্তিতে অনিশ্চয়তা
- ০৩ এপ্রিল ২০২৪, ২০ চৈত্র ১৪৩০, ২৩ রমজান ১৪৪৫
রিজার্ভ সংরক্ষণে শর্ত পূরণ হয়নি
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণপ্রাপ্তির শর্ত অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ করতে পারেনি বাংলাদেশ ব্যাংক। আইএমএফের কাছ থেকে ঋণ পাওয়ার শর্ত অনুযায়ী মার্চ শেষে ১৯ দশমিক ২৬ বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ রাখার কথা ছিল। কিন্তু প্রকৃত রিজার্ভ ১৬ বিলিয়নের চেয়েও কম। এমতাবস্থায় সফররত আইএমএফ প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত বৈঠক আজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সফররত প্রতিনিধিদের কাছে রিজার্ভ সংরক্ষণের ব্যর্থতার কারণ তুলে ধরা হবে। তবে ঋণের কিস্তির অর্থ ছাড় হবে কি না তা নির্ভর করবে সফররত টিমের প্রতিবেদনের ওপর। শর্ত পূরণে আইএমএফ কিছুটা কঠোর হওয়ায় ঋণপ্রাপ্তি নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডলার সঙ্কট কাটাতে আইএমএফ থেকে ৪৭০ কোটি ডলার ঋণসহায়তা নিচ্ছে সরকার। এ ঋণের তৃতীয় কিস্তির অর্থছাড়ের আগে সংস্থাটির একটি রিভিউ মিশন বাংলাদেশ সফরে এসেছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাথে বৈঠক হয়েছে। আজ শেষ বৈঠক অনুষ্ঠিত হবে। আইএমএফের পক্ষ থেকে ঋণ দেয়ার অন্যতম শর্ত ছিল মার্চ শেষ বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ থাকতে হবে ১৯ দশমিক ২৬ হাজার বিলিয়ন ডলার। যদিও মার্চ শেষে এ রিজার্ভ ১৬ বিলিয়নেরও কম রয়েছে বলে জানা গেছে। আজকের বৈঠকে তাই আইএমএফ প্রতিনিধি দলের কাছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে রিজার্ভ সংরক্ষণে ব্যর্থতার কারণগুলো তুলে ধরা হবে বলে ওই সূত্র জানিয়েছে।



