ছেলেকে ফিরে পেতে সারাক্ষণ কাঁদছেন মা আনোয়ারা
- ১৫ মার্চ ২০২৪, ০১ চৈত্র ১৪২৮, ০৪ রমজান ১৪৪৫
‘তোমরা আমার আদরের ছোট ছেলেকে আমার বুকে ফিরিয়ে দাও, শাকিলের কিছু হলে আমি বাঁচবো না। আমার মানিককে বুকে ফিরিয়ে দাও। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, সরকারের প্রতি আমার অনুরোধ, আমার সন্তানসহ যারা এক সাথে বন্দী সবাইকে তাদের মায়ের বুকে যেন ফিরিয়ে দেয়া হয়।’ কেঁদে কেঁদে কথাগুলো বলেন আনোয়ারা বেগম।
আনোয়ারা সোমালিয়া জলদস্যুদের হাতে অপহৃত বাংলাদেশী জাহাজ এমভি আবদুল্লাহর ফায়ারম্যান মোশারফ হোসেন শাকিলের (২৪) মা।
ছেলেকে ফিরে পেতে সারাক্ষণ কাঁদছেন তিনি। ঘটনার খবরে শুধু তাদের বাড়ি নয়, পুরো গ্রামেই যেন শোকের মতো লাগছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) শাকিলের গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পাহাড়ি কয়লা এলাকায় গিয়ে এমন দৃশ্যই চোখে পড়ে।
আনোয়ারা বেগম আরো বলেন, “আমার ছেলে ফোনে আমার কাছে কথা লুকিয়েছে। সে বলেছে, ‘আমার মোবাইলের এমবি নেই। আমি আগামী অনেক দিন কথা বলতে পারব না। আব্বাকে দিয়ে আপনার ওষুধ নিয়ে আসিয়েন।” এটাই ছিল মায়ের সাথে শাকিলের শেষ কথা। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল বন্ধ রয়েছে।
মোশারফ হোসেন শাকিল করেরহাট ইউনিয়নের পশ্চিম সোনাই গ্রামের শামসুল হকের ছোট ছেলে। শামসুল হকের ছয় সন্তানের মধ্যে সবার ছোট শাকিল। সন্তানের জীবিত ফিরে আসার অপেক্ষায় শাকিলের অসুস্থ মা-বাবা।



