এবার ফিলিস্তিনি শরণার্থীদের তহবিল স্থগিত করল নিউজিল্যান্ড
- Tue, 30 Jan 2024
জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) জন্য তহবিল স্থগিত করল নিউজিল্যান্ড। সর্বশেষ দেশ হিসেবে মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড।
মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন বলেছেন, ইউএনআরডব্লিউএর কিছু কর্মীদের বিরুদ্ধে ইসরাইলি অভিযোগের তদন্ত না হওয়া পর্যন্ত ফিলিস্তিন শরণার্থীদের জন্য জাতিসঙ্ঘের ত্রাণ ও কর্ম সংস্থাকে অর্থায়ন স্থগিত করেছে নিউজিল্যান্ড।
জাতিসঙ্ঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক সোমবার বলেছিলেন যে- জাতিসঙ্ঘ ‘দ্রুত এবং দক্ষতার সাথে’ অভিযোগের তদন্ত করতে কাজ করছে এবং ‘সরাসরি জড়িত কর্মীদের চুক্তি বাতিল করা হয়েছে’। যেমনটা জাতিসঙ্ঘ শুক্রবার ঘোষণা করেছিল।
ডুজারিক যোগ করেছেন, ‘এই মুহূর্তে ইউএনআরডব্লিউএ যে লাখ লাখ লোককে সেবা দেয়, কেবল গাজাতেই নয় পূর্ব জেরুসালেমে, পশ্চিম তীর, জর্ডান, লেবানন ও সিরিয়াতেও তাদের ভবিয্যৎ খুব অন্ধকারে ফেলে দিয়েছে।’



