শিশু আয়ানের মৃত্যু : হাইকোর্টে স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন দাখিল

শিশু আয়ানের মৃত্যু : হাইকোর্টে স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন দাখিল - ছবি : নিউজমিডিয়া24

রাজধানীর বাড্ডার ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পক্ষে উপ-পরিচালক (আইন) ডা. পরিমল কুমার পাল এ প্রতিবেদন জমা দিয়েছেন।

রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো: আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদনের ওপর শুনানি হবে।

এর আগে গত ২২ জানুয়ারি রাজধানীর সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে এই প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো: আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সেদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ বি এম শাহজাহান আকন্দ মাসুম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

গত ১৫ জানুয়ারি শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একইসাথে শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনা সাত দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়। পাশাপাশি দেশের সব সরকার অনুমোদিত ও অন অনুমোদিত হাসপাতাল ক্লিনিকের তালিকা এক মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।


আরো সংবাদ


AD HERE