নতুন বছরের শুরুতেই শীত বাড়ার সম্ভাবনা
- Sun, 31 Dec 2023
ডিসেম্বর মাসটা অনেকটা উষ্ণতায় কেটে গেল। তবে নতুন বছরের শুরুতে শীতের সামান্য ছোঁয়া মিলতে পারে। চিরকালই ডিসেম্বর যায় হালকা থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের ছোঁয়ায়। কিন্তু এবার শৈত্যপ্রবাহের ঝাপটাও লাগেনি। এর মধ্যে উত্তরাঞ্চলের একটি জেলায় তাপমাত্রা নেমে গিয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে; কিন্তু ২৪ ঘণ্টা না যেতেই তাপমাত্রা বেড়ে যায়। তবে আজ রোববার থেকে তাপমাত্রা সামান্য কিছুটা নেমে যেতে পারে যদিও শৈত্যপ্রবাহের মতো হবে না। আবহাওয়া অফিস বলেছে, ডিসেম্বরে দেশের গড় সর্বনি¤œ তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস অথবা এর নিচে থাকার কথা। তবে গ্রামাঞ্চলে শেষ রাতে সামান্য কিছু শীত অনুভূত হলেও ঢাকা শহরে আবহাওয়া অনেকটা গরম। ঢাকায় ঘরের দরোজা-জানালা ভালো করে বন্ধ করে দিলে লেপ-কম্বল ছাড়াই ঘুমানো যাচ্ছে। গতকাল শনিবার দুপুরের দিকে রাজধানী ছিল অনেক গরম। জ্যাকেট তো দূরের কথা ভারী জামা-কাপড়ও অসহ্য মনে হয়েছে।



