গণবিরোধী অপশক্তির হাত থেকে দেশ বাঁচাতে জনগণ ঐক্যবদ্ধ
- Wed, 22 Nov 2023
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন বলেছেন, আওয়ামী বাকশালীরা দেশ ও জাতিসত্তাবিরোধী আত্মঘাতী খেলায় মেতে উঠেছে। তাই এই গণবিরোধী অপশক্তির হাত থেকে দেশ ও জাতিকে বাঁচাতে জনগণ আজ রাজপথে ঐক্যবদ্ধ। তিনি জনগণকে প্রতিপক্ষ না বানিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ এবং কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান। অন্যথায় জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য সরকারকে চড়ামূল্য দিতে হবে।
তিনি আজ বুধবার রাজধানীর মিরপুর-১১ নম্বরে পল্লবী অঞ্চল আয়োজিত একতরফা নির্বাচনী তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে কেন্দ্র ঘোষিত ৪৮ ঘণ্টার লাগাতার অবরোধ কর্মসূচির সমর্থনে পল্লবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনকালে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য সাইফুল কাদের, আবু হানিফ, জোবায়ের হোসাইন রাজন, মোশাররফ হোসেন ও যুবনেতা মো: হাসানুল বান্না চপলসহ অন্যান্য নেতা।
নাসির উদ্দীন বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। কমিশনের দায়িত্ব হলো দেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করা। কিন্তু বর্তমান কমিশন বাকশালী সরকারের ক্ষমতার নিশ্চয়তা প্রদানের ঠিকাদারি গ্রহণ করে রীতিমতো তামাশা ও ইন্তিকাল কমিশনে পরিণত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারসহ অপরাপর কমিশনাররা সরকারি দলের নেতার ভূমিকায় অবতীর্ণ হয়ে আওয়ামী অ্যাজেন্ডা বাস্তবায়নে তৎপর। তাই এই দলদাস নির্বাচন কমিশনকে দিয়ে দেশে কোনো অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব নয়। তিনি কালক্ষেপণ করা করে বর্তমান কমিশনকে পদত্যাগ করার আহবান জানান।
পান্থপথে মিছিল-পিকেটিং
তেজগাঁও-হাতিরঝিল জোনের উদ্যোগে পান্থপথে মিছিল, পিকেটিং করেছে জামায়াতের নেতা-কর্মীরা। ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য মাওলানা আমিনুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু তানসিফ মন্ডল, জামায়াত নেতা আবু জুনাইরা, জাওয়াদুল করিম, শ্রমিক নেতা আক্তার হোসেন, ছাত্রনেতা তাফহীম, আসিফুল হক ও ইসমাঈল চৌধুরী প্রমূখ।



