ম্যাচসেরা হয়ে যা বললেন শামি
- Sun, 22 Oct 2023
চলতি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাচের সেরার পুরস্কার নিয়েছেন ভারতীয় পেসা মোহম্মদ শামি। তার ৫ উইকেটের দাপটে নিউজিল্যান্ড আটকে গিয়েছিল ২৭৩ রানে। পরে ভারত জয় তুলে নেয় ম্যাচে।
এত ভালো ছন্দে থাকার পরেও তাকে প্রথম চারটি ম্যাচে খেলানো হয়নি। তার জন্য দলের উপর অভিমান ছিল শামির! সেই অভিমান কি অবশেষে কাটল! ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে তার জবাব দিলেন শামি।
প্রশ্নের জবাবে ভারতীয় বোলার বলেন, ‘যদি দল ভালো খেলে তা হলে সবার কাজ দলের পাশে দাঁড়ানো। যারা খেলছে তাদের সাহায্য করা। নিজের সুযোগের জন্য অপেক্ষা করা। আমি সেটাই করেছি। কারণ, নিজের থেকে দলের ভালো খেলা বেশি গুরুত্বপূর্ণ। আমি সেটাই মনে করি।’
বল করতে গিয়ে নিজের প্রথম বলেই উইকেট পেয়েছেন শামি। সেটাই তার আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছিল বলে জানিয়েছেন তিনি। শামি বলেন, ‘প্রথম বলে উইকেট পাওয়ায় অনেকটা সুবিধা হয়ে গিয়েছিল। আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। সেটা পরের দিকে কাজে লেগেছে। ভালো জায়গায় বল রাখছিলাম। সেটাই করে গিয়েছি।’
চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়ে নজিরও গড়েছেন শামি। তিনিই একমাত্র ভারতীয় বোলার যিনি বিশ্বকাপে দু’বার ৫ উইকেট নিয়েছেন। সেইসাথে ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে উইকেটের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন শামি। তার সামনে জাহির খান ও জভগল শ্রীনাথ।
সূত্র : আনন্দবাজার পত্রিকা



