বিপুল জনসমাগমের প্রস্তুতি বিএনপির
- Sun, 22 Oct 2023
আগামী ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ করবে বিএনপি। সমাবেশের বিষয়টি অবহিত করে ইতোমধ্যে ডিএমপিতে চিঠি দেয়া হয়েছে। সমাবেশ সফলে নেয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। প্রতিটি সাংগঠনিক জেলা থেকে নেতা-কর্মীদের ঢাকা আনার নির্দেশনা দেয়া হয়েছে। সিনিয়র নেতারা প্রতিদিনই বৈঠক করছেন। গুলশান কার্যালয়ে বিভাগওয়ারি বৈঠক শুরু হয়েছে। নিজ নিজ জেলায় নেতারা প্রস্তুতি মিটিং করছেন। বিএনপি নেতারা বলেছেন, সমাবেশ হবে শান্তিপূর্ণ। সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সরকার পতন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে নেতা-কর্মীরা রাস্তায় বসে পড়বে বলে ক্ষমতাসীনরা অপপ্রচার চালাচ্ছে। এটা সম্পূর্ণ ভুল কথা। এটা একেবারেই একটা অপপ্রচার।



