ফের সিসিইউতে খালেদা জিয়া
- Wed, 11 Oct 2023
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে সপ্তম তলার কেবিন ৭২০১ থেকে চতুর্থ তলার সিসিইউ ৪২১৯ নম্বর কেবিনে স্থানান্তর করা হয়।
হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন এবং পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি উপস্থিত আছেন।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর খালেদা জিয়াকে কয়েক ঘণ্টার জন্য কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়।
উল্লেখ্য, দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগেও অবশ্য খালেদা জিয়াকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থাইটিস, রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্রে জটিলতা, ফুসফুস, চোখ ও দাঁতের নানা সমস্যায় ভুগছেন। এছাড়া তার মেরুদণ্ড, হাত ও হাঁটুতে বাতের সমস্যাসহ আরো কিছু শারীরিক জটিলতা রয়েছে।



