শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

দ্বিতীয় জয়ের খোঁজে ইংলিশ বধ করতে মরিয়া বাংলাদেশ

দ্বিতীয় জয়ের খোঁজে ইংলিশ বধ করতে মরিয়া বাংলাদেশ - ছবি : নিউজমিডিয়া24

টানা দ্বিতীয় জয়ের খোঁজে আজ মাঠে নামছে বাংলাদেশ। টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড। তবে ভয় পাচ্ছে না সাকিব বাহিনী, বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়েই সেমিফাইনালের পথে এক পা এগিয়ে থাকতে চায় তারা।

আজ মঙ্গলবার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ধর্মশালার হিমাচল প্রদেশ স্টেডিয়ামে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। খেলা শুরু বাংলাদেশ সময় বেলা ১১টায়।


 

প্রথম ম্যাচে জয়ের পর বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। ফিরে পেয়েছে ছন্দ, বেড়েছে দৃঢ় প্রত্যয়। বিপরীতে ইংলিশরা হয়ে আছে ক্ষুধার্ত। উদ্বোধনী ম্যাচে তারা বড় ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ডের কাছে। ফলে আজ জয়ের জন্য মরিয়া হয়ে উঠবে তারাও।

তাছাড়া ইংল্যান্ডের সাথে গত কয়েক বছর ধরে লড়াইটা বেশ জমে উঠেছে বাংলাদেশের। ক্রিকেট মোড়লদের মাঝে বিশ্বকাপে সর্বোচ্চ জয়ও থ্রি লায়ন্সদের বিপক্ষে। চার দেখায় দুইবারই জিতেছে বাংলাদেশ। এবারো জয়ের প্রত্যাশায় বুক বেঁধে রেখেছে সমর্থকরা।

 

খেলা হবে ধর্মশালায়। যার আউটফিল্ড নিয়ে চলছে ঘোর সমালোচনা। বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে এই মাঠ। বলা হচ্ছে, অপ্রস্তুত অবস্থায় খেলা আয়োজন করা হয়েছে এখানে।

ইতিহাস বলে ধর্মশালায় আধিপত্য দেখিয়ে থাকেন পেসাররা, পান বাড়তি বাউন্স। তবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে দারুণ করেছেন স্পিনাররা। এর সুবাদে কি হতে চলেছে, তা নিয়ে খানিকটা রহস্য রয়েই গেছে। যদিও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগান বলছেন, মাঠ বিবেচনায় এগিয়ে থাকবে ইংল্যান্ডই।

ধর্মশালার উইকেট নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি এখানকার কন্ডিশন ইংল্যান্ডের সাথেই বেশি মানানসই। আগের পুরো ম্যাচে দেখেছি একটু বাড়তি বাউন্স ছিল। দ্রুতগতির বাউন্স এমন না, কিন্তু একটু বাড়তি বাউন্স ছিল। এটা হয়তো ইংল্যান্ডের পেসারদের বেশি মানাবে।’

অবশ্য কী হবে, তা মাঠেই দেখা যাবে। তবে বাংলাদেশ যে ফেলনা নয়, তা পরিসংখ্যানই বলে দিচ্ছে। যদিও সব মিলিয়ে বেশ এগিয়ে থ্রি লায়ন্সরা। তবে শেষ ১৩ ম্যাচে ৫ জয় বাংলাদেশের। অবশ্য সব মিলিয়ে ২৪ ম্যাচেও এই পাঁচটাই জয় টাইগারদের।

দুই দলের দেখায় সর্বোচ্চ সংগ্রহের পাঁচটাই ইংল্যান্ড, সবার উপরে ২০০৫ সালে করা ৩৯১/৪। এরপর গত বিশ্বকাপের ৩৮৬/৬। বাংলাদেশের সর্বোচ্চ ৩০৫/৬। এই একবারই তিন শ’ ছুঁয়েছে বাংলাদেশের ইনিংস। আবার সর্বনিম্ন সংগ্রহের প্রথম ছয়টাই বাংলাদেশের। সবচেয়ে কম (১৩৪)।

মুখোমুখি দেখায় সর্বোচ্চ রান এন্ড্রু স্ট্রাউসের, ৬১০। তবে বর্তমান ক্রিকেটারদের মাঝে আধিপত্য বাংলাদেশের। পরের চারজন হলেন মুশফিকুর রহিম (৫৭৫), তামিম ইকবাল (৫৫৭), সাকিব আল হাসান (৫৪০), মাহমুদউল্লাহ (৪৬৫)। ইংল্যান্ডের হয়ে জশ বাটলারের আছে ৩৮৫ রান।

উইকেটের তালিকায় সবার উপরে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। মুখোমুখি দেখায় ২০ উইকেট তার দখলে। ১৯ উইকেট নিয়ে দুইয়ে আদিল রাশিদ। ১৭ উইকেট ছিল মাশরাফি বিন মুর্তজার। তাছাড়া তাসকিনের আছে ৯ উইকেট।

শেষ দেখায় অবশ্য সাকিব আল হাসানের কাছে উড়ে গিয়েছিল ইংল্যান্ড। চট্টগ্রামে হারিয়েছিল তাদের। আজো সাকিবকেই ধরতে হবে হাল, তা নিশ্চিতই বলা যায়।

 

 
 

আরো সংবাদ

 

ADVERTISEMENT

 


premium cement
 
 
 

AD HERE