ইসরাইলের ভেতরে এখনো লড়াই করছে হামাস
- Sat, 07 Oct 2023
গাজাভিত্তিক প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধারা এখনো ইসরাইলের ভেতরে বিভিন্ন এলাকায় লড়াই করে যাচ্ছে। শনিবার ভোরে শুরু হওয়া লড়াইয়ে এ পর্যন্ত তিন শতাধিক ইসরাইলি নিহত হয়েছে। আর গাজায় ইসরাইলি হামলায় নিহত হয়েছে অন্তত ২৩২ ফিলিস্তিনি। হামাসের এই হামলায় হতচকিত হয়ে পড়েছে ইসরাইল। হামাস বিপুলসংখ্যক ইসরাইলি সেনাসদস্য ও বেসামরিক নাগরিককে বন্দী করেছে।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১.৩০টাতেও (জিএমটি ১০:৩০, বাংলাদেশ সময় ভোর ৪:৩০) লড়াই চলছিল। আর দেশটি তখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
আর গাজাতে ইসরাইল বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।
হামাসের রাজনৈতিক ব্যুরোর উপ-প্রধান সালেহ আল-অ্যারোই আল জাজিরাকে বলেছেন, হামাসের হাতে এখন বিপুলসংখ্যক ইসরাইলি বন্দী রয়েছে। বন্দীদের মধ্যে সিনিয়র সামরিক কর্মকর্তাও রয়েছে। তিনি বলেন, ইসরাইলি কারাগারে আটক সকল ফিলিস্তিনিকে মুক্ত করতে এই বন্দীরাই যথেষ্ট।



