শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

স্থবির হয়ে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান

স্থবির হয়ে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান - ছবি : নিউজমিডিয়া24

ফেরত দিতে পারছে না আমানতকারীদের অর্থ

ব্যবসাবাণিজ্যে স্থবির হয়ে পড়েছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো। বেশির ভাগ প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রম বন্ধ হয়ে গেছে, আবার নতুন করে আমানতও আসছে না। এর ফলে আমানতকারীদের অর্থ অনেক প্রতিষ্ঠানই ফেরত দিতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান মতে, জুন প্রান্তিকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানতের প্রবৃদ্ধি মার্চ প্রান্তিকের তুলনায় মাত্র ২.২৫ শতাংশ বেড়েছে, যেখানে ঋণের প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১.৬৮ শতাংশ। অথচ প্রতি বছর আমানতের সুদ ও ঋণের সুদ যুক্ত করলে ঋণ ও আমানতের প্রবৃদ্ধি আরো বেশি হওয়ার কথা। আমানতের সুদ ৭ শতাংশ যুক্ত করলেও আর এক টাকা আমানত না বাড়লেও বছর শেষে ৭ শতাংশ প্রবৃদ্ধি হওয়ার কথা। আর ঋণের সুদ ১০ শতাংশ যুক্ত করলেও আর এক টাকাও ঋণ না দিলে বছর শেষে ১০ শতাংশ ঋণের প্রবৃদ্ধি হওয়ার কথা। কিন্তু বাস্তব অবস্থা ঠিক তার উল্টো হয়েছে। ব্যবসা স্থবিরতার কারণে ঋণ ও আমানতের প্রবৃদ্ধি হয়েছে যৎসামান্য।
আর্থিক প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি নিয়ে তৈরি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন অনুসারে গত এক বছরে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নতুন কোটিপতির সংখ্যা বেড়েছে ৪৬২ জন। গত বছরের জুন শেষে প্রতিষ্ঠানগুলোতে কোটিপতির সংখ্যা ছিল চার হাজার ৯০৬ জন। গত জুনে এসে তা বেড়ে হয়েছে পাঁচ হাজার ৩৬৮ জন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর বড় সঙ্কট হলো তারা স্বল্পমেয়াদি আমানত নিয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করেছিল। আবার কেউ কেউ আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে স্বল্প সময়ের জন্য ধার নিয়ে বিনিয়োগ করেছে। কিন্তু বিনিয়োগের অর্থ ফেরত আসছে না। এতে তহবিল সঙ্কটে পড়েছে বেশির ভাগ ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। তারা মেয়াদ শেষে আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হচ্ছে। এতে প্রতিষ্ঠানগুলোর তহবিল ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। পাশাপাশি বাড়েছে ঋণঝুঁকির পরিমাণ। আর্থিক প্রতিষ্ঠানগুলোর এমন কার্যক্রম কোনোভাবেই প্রত্যাশিত নয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পাবলিক মানির ঝুঁকি হ্রাসের লক্ষ্যে স্বল্পমেয়াদি আমানত পরিহার করে বন্ড ছেড়ে দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহের জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বেশি গুরুত্ব দেয়া প্রয়োজন বলে মনে করছেন তারা।

একটি আর্থিক প্রতিষ্ঠানের এমডি গতকাল নয়া দিগন্তকে জানিয়েছেন, আমানত যেমন নেয়া হয় বিভিন্ন মেয়াদে তেমনি বিনিয়োগও করে বিভিন্ন মেয়াদে। যখনই বিষয়টি অতিরঞ্জিত হয়ে যায় তখনই বিপত্তি দেখা যায়। তিনি বলেন, আগে যাদের মাঝে ঋণ বিতরণ করা হতো তারা নিয়মিত অর্থ ফেরত দিত। কিন্তু পর পর দুই বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও পরবর্তী সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ আদায়ের ব্যাপারে যেমন নীতিমালা শিথিল করেছিল, তেমনি ব্যবসায়ীদের ঋণ পরিশোধের সক্ষমতাও কিছু কিছু ক্ষেত্রে কমে গেছে। এমনি পরিস্থিতিতে ঋণের অর্থ যথাসময়ে ফেরত আসছে না। এতে কোনো কোনো ক্ষেত্রে আমানতকারীদের অর্থ চাহিদামাত্র ফেরত দেয়া কষ্টকর হচ্ছে। কেউ বড় অঙ্কের টাকা ফেরত চাইলে তাৎক্ষণিকভাবে মেটাতে না পারলেও কয়েক দফায় তা মেটানো হচ্ছে। তবে কলমানি মার্কেট থেকে ধার নেয়া হয় প্রতিষ্ঠানগুলোর আপৎকালীন সঙ্কট মেটানোর জন্য। কিন্তু এ অর্থ বিনিয়োগ করা মোটেও যুক্তিসঙ্গত নয়। এটা কেউ করলে চরম অন্যায় করেছে। তিনি বলেন, আমরা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে দীর্ঘ মেয়াদে তহবিল সংগ্রহের দিকে নজর দিচ্ছি। আগের চেয়ে পরিস্থিতি উন্নতি হচ্ছে বলে তিনি দাবি করেন।

Source

Source: https://www.dailynayadiganta.com/last-page/779069/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B9%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%9C%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8

আরো সংবাদ


AD HERE