মরক্কোতে ভয়াবহ ভূমিকম্প : নিহত বেড়ে ৬৩২
- Sat, 09 Sep 2023
মরক্কোতে ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ভূমিকম্পে কমপক্ষে ৬৩২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ৩২৯ জন।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টার দিকে শক্তিশালী এ ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। যা ২০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা বলা হয়েছিল ৩০০ পরে বেড়ে দাঁড়িয়েছে ৬৩২ জনে।
এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক কেন্দ্র ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল এটলাস পর্বতমালার ওকাইমেডেনের স্কি রিসোর্টের কাছে। এটি মরক্কোর চতুর্থ বৃহত্তম নগরী মারাকেশ থেকে ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত।
মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার সকালে জানায়, বেশির ভাগ ক্ষতি হয়েছে নগরী ও শহরের বাইরের এলাকায়। বিশেষ করে ঐতিহাসিক মারাকেশ নগরীর আশপাশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



