এস আলমের দুই লাখ কোটি টাকা ঋণ নিয়ে বিপাকে ব্যাংকগুলো

এস আলমের দুই লাখ কোটি টাকা ঋণ নিয়ে বিপাকে ব্যাংকগুলো - ছবি : নিউজমিডিয়া24

পরিশোধ ছাড়াই নিয়মিত দেখানো হতো দায়

এস আলমের নামে-বেনামে প্রায় দুই লাখ কোটি টাকার ঋণ নিয়ে বিপাকে পড়েছে দেশের সাতটি ইসলামী ব্যাংক। পতিত সরকারের প্রধান অর্থ জোগানদাতা আলোচিত এ ব্যবসায়ী গ্রুপের মালিকানায় ছিল এ ব্যাংকগুলো। ব্যাংকাররা জানিয়েছেন, ওইসময় এসব ঋণের কোনো কিস্তি পরিশোধ করা হতো না। পিএস আকিজ উদ্দিন, মিফতা উদ্দিন, জে কিউ এম হাবিবুল্লাহ, ইউনিয়ন ব্যাংকের এমডি মোকাম্মেল, কমার্স ব্যাংকের ডিএমডি কাদেরের নেতৃত্বে একাধিক টিম এসব ঋণ নিয়মিত তদারকি করত। নতুন ঋণ সৃষ্টি করে পুরনো ঋণ পরিশোধ করা হতো। আবার পরিশোধ না করেই নানা ফন্দিফিকিরের মাধ্যমে এসব ঋণ নিয়মিত দেখানো হতো। কিন্তু ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর এস আলম ও তার সহযোগীরাও পালিয়ে গেছেন। এখন এসব ঋণ আপনা-আপনিই খেলাপি হয়ে যাচ্ছে। ব্যাংকাররা জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যেই এসব ঋণের বেশির ভাগ অংশই খেলাপি হয়ে যাবে। আর খেলাপি হলে প্রভিশন সংরক্ষণ বেড়ে যাবে। এতে ডিসেম্বরে ব্যাংকের বার্ষিক হিসেব কিভাবে সমাপ্তি টানবেন তা নিয়ে এখন থেকেই তারা দুশ্চিন্তায় ভুগছেন।

আরো সংবাদ


AD HERE