কলকারখানা ধ্বংস করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চক্রান্ত হচ্ছে : মির্জা ফখরুল
- ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা রয়ে গেছে। এরা এখন দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। কলকারখানা ধ্বংস করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চক্রান্ত করছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি কলেজ মাঠে এক বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করেছে। বিশেষ করে পুলিশ বাহিনীকে ব্যবহার করে হত্যা, গুম, মিথ্যা মামলায় পুরো দেশকে কারাগারে পরিণত করেছিল। আওয়ামী লীগের পতনের পর মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কিন্তু স্বৈরাচারিনী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা রয়ে গেছে। এরা এখন দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। কলকারখানা ধ্বংস করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চক্রান্ত করছে। সকলকে ঐক্যবদ্ধভাবে এদের চক্রান্ত রুখে দিতে হবে।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ধৈয্য ধরুন, প্রতিশোধ নিবেন না, প্রতিশোধ প্রতিহিংসা বাড়ায়। আওয়ামী লীগের রেখে যাওয়া জঞ্জাল দূর করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছি। যত দ্রুত সম্ভব সংস্কার সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা যাবে ততই নিরাপদ।’
তিনি বলেন, ‘আমার ভোট আমি দিব, তোমার ভোটও আমি দিব’ সেই দিন আর ফিরে আসবে না।



