প্রথমবার সুদ খাতে ব্যয় লাখ কোটি টাকা ছাড়িয়ে গেল
- ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
এই প্রথমবারের মতো সরকারের সুদ ব্যয় লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। গত ২০২৩-২৪ অর্থবছরে সুদখাতেই খরচ করতে হয়েছে একলাখ ১৪ হাজার কোটি টাকা। এর আগে আর কখনো সুদখাতে এত ব্যয় হয়নি। অর্থ বিভাগের গত বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে মূল বাজেটে দেশী-বিদেশী ঋণের জন্য সুদ ব্যয়খাতে অর্থ বরাদ্দ প্রাক্কলন ছিল ৯৪ হাজার ৩৭৬ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে তা বৃদ্ধি করে এক লাখ ৫ হাজার কোটি টাকা ধরা হয়েছিল। কিন্তু বছর শেষে সুদব্যয় এ সীমার মধ্যে রাখা সম্ভব হলো না। মোট সম্পদের ২৮ ভাগই চলে যাচ্ছে সুদ ব্যয়খাতে। এর পর ২১ ভাগ যাচ্ছে সরকারি চাকুরেদের বেতনভাতা খাতে।
গত অর্থবছর বিদেশী ঋণের সুদ পরিশোধ ৬০ দশমিক ৫৩ শতাংশ বা ১৫ হাজার ১৫০ কোটি টাকা বেড়েছে। এ ছাড়া দেশীয় উৎস থেকে নেয়া ঋণের সুদ ২০ দশমিক ৪৮ শতাংশ বেড়ে ৯৯ হাজার ৬০৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।



