বাংলাদেশে সৌর প্যানেল উৎপাদনে বিনিয়োগ ও সম্পর্ক গভীর করতে আগ্রহী চীন

বাংলাদেশে সৌর প্যানেল উৎপাদনে বিনিয়োগ ও সম্পর্ক গভীর করতে আগ্রহী চীন - ছবি : নিউজমিডিয়া24

চীন বাংলাদেশে সৌর প্যানেল উৎপাদনে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি আরো জানান, বাংলাদেশের সাথে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করতে চায় তার দেশ।

নিউইয়র্ক সময় বুধবার বিকেলে জাতিসঙ্ঘ সদর দফতরে সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে তিনি এই বিষয়ে জানান।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশে সোলার প্যানেল উৎপাদনে যদি চীনা বিনিয়োগ আসে, তাহলে এটি একটি মাইলফলক হয়ে থাকবে কারণ এটি একটি বিশাল বিনিয়োগ এবং এটি বিপুল কর্মসংস্থানের সৃষ্টিতে সাহায্য করবে।

তিনি বলেন, বাংলাদেশ এই বিনিয়োগ থেকে লাভবান হবে এবং বাংলাদেশ হবে সৌর প্যানেলের প্রধান রফতানিকারক দেশ।

চীন বাংলাদেশের সাথে ‘সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব’ জোরদার করতে চায় বলে জানান প্রেস সচিব।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি দেশকে ঐক্যবদ্ধ করবেন উল্লেখ করে তিনি বলেন, ‘আপনার ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। আপনি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবেন।’

ওয়াং ই আরো বলেন, বাংলাদেশে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে চীনা প্রস্তুতকারকদের প্রতি অধ্যাপক ইউনূসের আহ্বানকে চীন গুরুত্ব দেবে।


আরো সংবাদ


AD HERE