আরইবির স্মার্ট মিটার প্রকল্পে হরিলুট : ৩০০ কোটি টাকার বাড়তি বিল আদায়
- ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চার লাখ ৯০ হাজার সিঙ্গেল ফেজ মিটার ক্রয় ও স্থাপনে প্রায় ৩০০ কোটি টাকা হরিলুটের অভিযোগ উঠেছে। আর এ অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সদ্যবিদায়ী সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দীনের (শামীম) বিরুদ্ধে। যিনি ২০২৪ সালের নির্বাচনে কুমিল্লা-৮ (বরুরা) আসন থেকে নির্বাচিত হন। চার লাখ ৯০ হাজার সিঙ্গেল ফেজের মিটার ক্রয়ে প্রতিটির দাম নিয়েছেন ১২ হাজার ২৫৩ টাকা, সেখানে একই মিটারের বিপরীতে পরের লটের দাম রাখা হয়েছে ছয় হাজার ৩৮২ টাকা। প্রতি মিটিারে বাড়তি দাম রাখা হয়েছে পাঁচ হাজার ৮৭১ টাকা। এ হিসাবে চার লাখ ৯০ হাজার মিটারে হাতিয়ে নেয়া হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা।
জানা গেছে, সংসদ সদস্য শফিউদ্দীনের প্রতিষ্ঠান এসকিউ ওয়্যার অ্যান্ড ক্যাবলস ২০২২ সালে আরএফ মডিউলসহ সিঙ্গেল ফেজ মিটার ১২ হাজার ২৫৩ টাকা দরে বিল তুলেছেন। ওই টেন্ডারের ১০ মাস পর ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ (প্যাকেজ ২৩-২৪ ঢাকা পিবিএস-১.০অ্যান্ড এম-১) খোলা দরপত্রে একই মিটার মাত্র ছয় হাজার ৩৮২ টাকায় দর জমা দেন। এমন সব অসঙ্গতি থাকলেও আরইবি তৎকালীন চেয়ারম্যান এবং অন্যরা ছিলেন চোখ বন্ধ করে। আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হিসেবে তৎকালীন চেয়ারম্যানকে প্রাইজ পোস্টিং দিয়ে সচিব করা হয় বলে অভিযোগ রয়েছে।



