শিক্ষা ক্যাডারে দেড় যুগ পর পদোন্নতির জট খুলছে
- ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
- তিন স্তরের দুই হাজার কর্মকর্তা বঞ্চিত
- দেড় যুগ ধরে একই পদে চাকরি
দীর্ঘ দেড় যুগ পর এবার শিক্ষা ক্যাডারের বিভিন্ন পদে বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির জট খুলছে। দলীয় লেজুরভিত্তিক রাজনীতির কারণে পতিত আওয়ামী লীগ সরকার ভিন্ন মতাদর্শের কর্মকর্তাদের দীর্ঘদিন তাদের ন্যায্য পদোন্নতি থেকে বঞ্চিত রেখেছিল। গত ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘ দিন ধরে আটকে থাকা শিক্ষা ক্যাডারের বিভিন্ন পদে এবার পদোন্নতির ঘোষণা আসছে। তিন ক্যাটাগরিতে পদোন্নতি পাবেন তারা। দীর্ঘ দিন ধরে এই কর্মকর্তারা একই পদে চাকরি করে আসছেন। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, শিগগিরই অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক এই তিন ক্যাটাগরিতে বড় ধরনের পদোন্নতির কাজ শুরু হচ্ছে। প্রথম ধাপে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক, এরপর সহকারী থেকে সহযোগী অধ্যাপক, সর্বশেষ প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেয়া হবে। ইতোমধ্যে তালিকা করে কাজও শুরু করা হয়েছে।
সূত্র জানায়, ইতোমধ্যে পদোন্নতি দেয়ার কাজের অংশ হিসেবে গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে অধ্যাপক পদোন্নতির জন্য বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) একটি সভাও অনুষ্ঠিত হয়েছে। ডিপিসির পরবর্তী সভা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, বুধবারের বৈঠকে ১৬ থেকে ২২তম বিসিএস পর্যন্ত সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতির জন্য এক হাজার ৬০ জনের বিপরীতে ১ হাজার ৯৪৯ জনের তালিকা উপস্থাপন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। তালিকায় ২০২৫ সালে অবসরে যাবেন এমন কর্মকর্তাদের নাম সংযুক্ত করে এ তালিকা করা হয়েছে। তালিকায় দেশের বিভিন্ন কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রশাসনিক পদ ধরা হয়েছে। তবে কতজনকে শেষ পর্যন্ত পদোন্নতি দেয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি।



