বন্দরে সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
- ২৭ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ১২ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ২১ সফর ১৪৪৬ হিঃ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় মামলা হয়েছে। সোমবার রাতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে মামলাটি করেছেন আবদুল বারেক মোল্লার ছেলে মো. নূরুল ইসলাম মোল্লা।
মামলার আরজিতে বন্দরের মদনপুর কলাবাড়ি এলাকায় তার বর্তমান ঠিকানা বলে উল্লেখ করেন।
মামলার বাদি নূরুল ইসলাম মোল্লা জানান, এবিএম খায়রুল বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকাকালীন সরকারের কর্তাব্যক্তিদের সাথে ষড়যন্ত্র করে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে কাস্টিং ভোট প্রদান করেন। চার-তিনে মেজরিটি হয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠতায় তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় হয়। এই সংক্ষিপ্ত রায়ের ওপর ভিত্তি করে সরকার তড়িঘড়ি করে সংবিধান সংশোধন করে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। বিষয়টি অবগত হয়ে সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।



