আবার ভারী বর্ষণ!
- ২৬ আগস্ট ২০২৪, সোমবার, ১১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ২০ সফর ১৪৪৬ হিঃ
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আবারো ভারী বর্ষণের পূর্বাভাস দেয়া হয়েছে। উল্লেখ্য, ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা প্রবল পানির স্রোতের কারণে ফেনী, কুমিল্লা ও চট্টগ্রামের অনেক স্থানে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। ওই বন্যার দুর্ভোগ এখনো কমেনি।
জলবায়ু বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ তার আবহাওয়া ওয়েবসাইটে এই পূর্বাভাস দিয়ে বলেছেন, খুলনা ও বরিশাল বিভাগে ঘূর্ণ্যমান মেঘের সৃষ্টি হয়েছে। নতুন করে সৃষ্ট এই মেঘ আবারো মৌসুমি লঘুচাপে পরিণত হতে পারে। এই লঘুচাপ আগামী বুধবার পর্যন্ত খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িশা রাজ্যের উপকূলে সক্রিয় থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের জেলাগুলো এবং পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর ওপর প্রবল বৃষ্টিপাত ঘটাতে পারে।
পলাশ জানান, আজ সোমবার প্রায় সারা দিন বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিভাগ জেলার ওপরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আজ রাজশাহী, ঢাকা ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। তবে নোয়াখালী, লক্ষ্মীপুর জেলায় বৃষ্টি হতে পারে বেশি। এছাড়া বরিশাল ও খুলনা বিভাগের অনেক জেলায় বন্যা শুরু হতে পারে।
রোববার রাতে পলাশ তার ফেসবুকে এক পোস্টে জানিয়েছিলেন, খুব ভারী বৃষ্টিপাত হচ্ছে খুলনা বিভাগের যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা জেলা এবং সাতক্ষীরা ও খুলনা জেলার উত্তর দিকের উপজেলাগুলোতে। এই বৃষ্টি ভোর ৫টা পর্যন্ত অব্যাহত থাকার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ভোর ৪টার পর থেকে সকাল ৮টার মধ্যে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার উপরে দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে।
বন্যাদুর্গতের কষ্ট লাঘবে সকলকে একযোগে কাজ করার আহ্বান ড. ইউনূসের
দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলা ও পরবর্তী কার্যক্রমবিষয়ক জাতীয় টাস্কফোর্স সভা আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।



