সাভারে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা
- ২৩ আগস্ট ২০২৪, ৮ ভাদ্র ১৪৩১, ১৭ সফর ১৪৪৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার সাভারে মো: আব্দুল আহাদ সৈকত (১৭) নামে এক কলেজশিক্ষার্থী হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ সময় মামলায় অজ্ঞাত আরো ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আতাউর রহমান নয়া দিগন্তকে জানান। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত আব্দুল আহাদ সৈকতের বাবা সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন।
নিহত মো: আব্দুল আহাদ সৈকত বগুড়া জেলার সোনাতলা থানার উত্তরদিঘলকান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে। সৈকত সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লায় পরিবারের সাথে থাকত। সে ঢাকার কমার্স কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল আহাদ সৈকত সাভারের থানা রোড়ে মুক্তিমোড় এলাকার যায়। সেখানে ছাত্রদের যৌক্তিক দাবির পক্ষে একাত্বতা পোষণ করে ছাত্র আন্দোলনে যোগ দেয় সে। ওই সময় আসামিদের প্রত্যেক্ষ ও প্ররোক্ষ হুকুমে এবং প্ররোচনায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসীরাসহ আওয়ামী অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা আরো আসামিরা হামলা করে। এ সময় আসামিদের সাথে থাকা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে আন্দোলনরত ছাত্রদের ধাওয়া করে এবং এলোপাথারি মারধর এবং আগ্নেয়াস্ত্র দিয়া উপর্যুপরি গুলি বর্ষণ করে। তখন আব্দুল আহাদ সৈকতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।



