অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ গণতন্ত্র’ অর্জনে সরকারের প্রচেষ্টা সমর্থন করে জাতিসঙ্ঘ
- ২০ আগস্ট ২০২৪, ৫ ভাদ্র ১৪৩১, ১৪ সফর ১৪৪৬
ড. ইউনূসকে গুতেরেস
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ গণতন্ত্র’ অর্জনে তার সরকারের প্রচেষ্টার প্রতি জাতিসঙ্ঘের পূর্ণ সমর্থন রয়েছে।’
তিনি আরো বলেন, জাতিসঙ্ঘ অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে এবং বাংলাদেশের জনগণের সুবিধার্থে আবাসিক সমন্বয়কারী ও কান্ট্রি টিমের মাধ্যমে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং চিঠিটি গণমাধ্যমের সাথে শেয়ার করে।
অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় শুভেচ্ছা জানান জাতিসঙ্ঘ মহাসচিব।
গুতেরেস বলেন, ‘আমি বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানাই।’



