প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন সৈয়দ রেফাত আহমেদ
- ১১ আগস্ট ২০২৪, ২৭ শ্রাবণ ১৪৩১, ৫ সফর ১৪৪৬
বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিয়েছেন।
শনিবার (১০ আগস্ট) রাতে তাকে এ পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।
এদিকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে মো: আশফাকুল ইসলামকে নিয়োগের বিষয়টি জানিয়েছিল আইন মন্ত্রণালয়। এটা নিয়ে আপত্তি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এমনকি মো: আশফাকুল ইসলামের নিয়োগ প্রত্যাখ্যান করে পুনরায় আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন তারা। একই সাথে সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি নিয়োগ দেয়ার দাবি জানান তারা। তাদের প্রতিবাদের মুখে আইন মন্ত্রণলায় থেকে দাবি করা হয়, ‘এখনো প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হয়নি।’ রাত ৯টার দিকে সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের বিষয়টি গণমাধ্যমকে জানায় আইন মন্ত্রণালয়।



