জনবিষ্ফোরণ নিহত শতাধিক
- ০৫ আগস্ট ২০২৪, ২১ শ্রাবণ ১৪৩১, ২৯ মহররম ১৪৪৬
রক্তাক্ত বাংলাদেশ। লাশের মিছিল। নজিরবিহীন গুলি, সংঘাত, সংঘর্ষ। নিহত হয়েছেন শতাধিক মানুষ। নিহতদের বড় অংশ আন্দোলনকারী। সহিংস হামলায় নিহত হয়েছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৩ পুলিশ সদস্য। এ ছাড়া কুমিল্লায় আরও এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন শাসকদলের নেতাকর্মীও। আহত হয়েছেন হাজার হাজার মানুষ। স্বাধীন বাংলাদেশ আগে কখনো এমন দিন দেখেনি।
সারা দিনই ঘণ্টায় ঘণ্টায় বেড়েছে নিহতের সংখ্যা। হামলা-সংঘর্ষ হয়েছে জেলায় জেলায়। পুরো দেশই যেন যুদ্ধক্ষেত্র। একই পরিস্থিতি ছিল রাজধানী ঢাকাতেও। পয়েন্টে পয়েন্টে সরকারি দলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে ছাত্র-জনতার। আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করতে দেখা গেছে স্থানে স্থানে। তাদের হাতে রামদা সহ অন্যান্য দেশীয় অস্ত্রও ছিল। অন্যদিকে আন্দোলনকারীদের হাতে ছিল লাঠি। শনিবার আওয়ামী লীগ যখন কর্মসূচি ঘোষণা করে তখন থেকেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতভর সরকার সমর্থকরা হুঁশিয়ারি উচ্চারণ করেন আন্দোলনকারীদের প্রতি। তারই প্রতিফলন দেখা গেছে গতকাল। দিনের শুরুতেই অবশ্য ছাত্র-জনতা শাহবাগের নিয়ন্ত্রণ নেন। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের ধাওয়ার মুখে সরে যান। কিন্তু পরবর্তীতে তারা সংগঠিত হয়ে দিনভর বাংলামোটর থেকে গুলি করে। ক্রমশ সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো ঢাকায়। দেশের বিভিন্নস্থানেও সরকার সমর্থকরা হামলা চালান আন্দোলনকারীদের ওপর। কোথাও কোথাও আন্দোলনকারীরাও আওয়ামী লীগের অফিস এবং দলটির নেতাকর্মীদের ওপর হামলা চালান। শ্বাসরুদ্ধকর এই পরিস্থিতিতে নতুন করে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য বলবৎ করা হয়েছে কারফিউ। দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে আজ ডাক দেয়া হয়েছে মার্চ টু ঢাকা কর্মসূচির।



