কারিকুলামে যুক্ত হচ্ছে জুলাই-আগস্টের স্মৃতি
- ২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ
অভিভাবকদের সম্পৃক্ত করে বাড়ানো হবে কো-কারিকুলাম কার্যক্রম
২০২৪-এর স্মৃতিময় জুলাই-আগস্ট মাসের বিভিন্ন ঘটনাপ্রবাহ য্ক্তু হচ্ছে শিক্ষা কারিকুলামে। একই সাথে আগামী শিক্ষাবর্ষে কো-কারিকুলাম হিসেবেও শ্রেণিকক্ষের বাইরে থাকবে জুলাই-আগস্ট মাসকে নিয়ে নানা কার্যক্রম। বিশেষ করে গত চলতি শিক্ষাবর্ষের শেষ ছয় মাস শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে নানা কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের পড়ালেখায় বেশ ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে জানুয়ারি মাস থেকেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবকদের সম্পৃক্ত করে শ্রেণিকার্যক্রম ও কো-কারিকুলাম কার্যক্রম জোরদারের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে। বিশেষ করে ঢাকাসহ সারা দেশে শিক্ষা সংশ্লেষবিহীন বিভিন্ন ইস্যুতে আয়োজিত সভা-সমাবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্ষতি এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ কারণেই এই নতুন পদক্ষেপ নিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে।



