‘দেখামাত্র গুলির নির্দেশ’ ও আইনবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ ইইউর
- ৩১ জুলাই ২০২৪, ১৬ শ্রাবণ ১৪৩১, ২৪ মহররম ১৪৪৬
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ দেয়া এবং আইনবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
মঙ্গলবার (৩০ জুলাই) এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানিয়েছেন ইইউ’র পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল।
ইইউ’র পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা বিবৃতিটিতে বলা হয়েছে, ২৭ জুলাই (শনিবার) লাওসে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোটের (আসিয়ান) আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশের প্রতিনিধি সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে এ উদ্বেগ প্রকাশ করেন জোসেপ বোরেল।
বোরেল বলেন, ‘আমি বাংলাদেশের প্রতিনিধি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে সেখানে সাম্প্রতিক দিনগুলোয় কর্তৃপক্ষের দেখামাত্র গুলির নির্দেশ ও আইনবহির্ভূত হত্যাকাণ্ড সংঘটন নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছি।’



