নিত্যপণ্যে ক্রেতাদের হাঁসফাঁস
- ১৩ জুলাই ২০২৪, ২৯ আষাঢ় ১৪৩১, ৬ মহররম ১৪৪৬
বাজার দর
নিত্যপণ্যে ক্রেতাদের হাঁসফাঁস
পেঁয়াজের কেজি ১২০ ৬০ টাকার নিচে নেই কোনো সবজিকোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না নিত্যপণ্যের দাম। বাজার করতে এসে ক্রেতাদের হাঁসফাঁস লেগে গেলেও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেই। ফলে প্রয়োজনীয় বাজার না করেই খালি হাতে ফিরতে হচ্ছে ক্রেতাদের। গত সপ্তাহে ৯০ টাকা কেজি বিক্রি হওয়া পেঁয়াজ গতকাল ৩০ টাকা বেড়ে ১২০ টাকা কেজি বিক্রি হয়েছে। ৬০ টাকার নিচে মিলছে না কোনো সবজিই। এতে ভোক্তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
ক্রেতারা বলছে, সরকার নিত্যপণ্যে দাম সহনীয়পর্যায়ে রাখতে সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেও আদতে তা কোনো কাজে আসছে না। মুনাফালোভী ব্যবসায়ীদের দৌরাত্ম্যে নিত্যপণ্যের দাম বাড়ছেই। কিন্তু আমাদের বেতন তো সেভাবে বাড়ছে না। খাবারের তালিকা ছোট করতে করতে এখন সংসার চালানোই অসম্ভব হয়ে পড়েছে। সরকার পাইকারি থেকে খুচরা বাজার পর্যায়ে তদারকিতে জোর দিলে সামনে বাজারে ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৭০ টাকা। গত সপ্তাহেও যে আলু বিক্রি হয়েছিল ৬০ টাকায়। প্রতি কেজি দেশী রসুন ২০০ টাকা, চায়না রসুন ১৮০ টাকা, চায়না আদা ৩০০ টাকা, ভারতীয় আদা ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ডিমের হালি হাফ সেঞ্চুরি ছুঁয়েছে। পাড়া-মহল্লার দোকানে ৫২ টাকা হালিও বিক্রি হতে দেখা গেছে। যা আগের সপ্তাহে ছিল ৪৫ টাকা।
Source: https://www.dailynayadiganta.com/first-page/849220/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AA%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B8%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B8



