রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

নেতৃত্বে তরুণদের প্রাধান্য দিচ্ছে বিএনপি

নেতৃত্বে তরুণদের প্রাধান্য দিচ্ছে বিএনপি - ছবি : নিউজমিডিয়া24

নতুন নেতৃত্বের ক্ষেত্রে তরুণদের প্রাধান্য দিচ্ছে বিএনপি। সম্প্রতি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আনা রদবদল ও দলের বিভিন্ন ইউনিট এবং অঙ্গসংগঠনগুলোর নেতা নির্বাচনে এই নীতি অনুসরণ করা হয়েছে। গতকাল ঢাকা মহানগরের দুই প্রান্তে যে কমিটি ঘোষণা করা হয়েছে, তাতে দীর্ঘ সময় পর সিনিয়রদের হাত থেকে নেতৃত্ব এসেছে তরুণদের উপর। দলটির নেতারা বলেছেন, আগামী দিনের আন্দোলন-সংগ্রামে তরুণদের উপরই আস্থা রাখতে চায় বিএনপি। দলের সর্বস্তরে তাই অপেক্ষাকৃত তরুণদের প্রাধান্য দিয়ে কমিটি গঠন করা হচ্ছে। আগামীতেও এভাবেই নেতা নির্বাচন করা হবে।

দীর্ঘ ‘অসফল’ আন্দোলনের মধ্য দিয়ে ৭ জানুয়ারির নির্বাচন বয়কটের পর দল পুনর্গঠন নিয়ে কাজ শুরু করেছে বিএনপি। জুনের মাঝামাঝিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির ৪৫টি পদে রদবদল করা হয়। এর আগে ছাত্রদলের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করা হয়। কেন্দ্রে রদবদলের ক্ষেত্রে বিএনপি তরুণদের প্রাধান্য দিয়েছে। বিশেষ করে যুগ্ম মহাসচিব, সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদক পদে অপেক্ষাকৃত তরুণদের পদ দেয়া হয়েছে। এরই মধ্যে গতকাল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপিসহ দেশের গুরুত্বপূর্ণ চার মহানগরে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। ব্যর্থতার কারণে বিলুপ্ত করা কমিটিগুলোর নতুন নেতৃত্বে তরুণদের প্রাধান্য দিয়েছে দলটি।

ঘোষিত কমিটিতে ঢাকা মহানগর উত্তরে দুই সদস্যের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, সদস্যসচিব করা হয়েছে দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্যসচিব আমিনুল হককে। আর দক্ষিণের আহ্বায়ক করা হয়েছে দক্ষিণ বিএনপির সাবেক সদস্যসচিব রফিকুল আলম মজনু এবং সদস্যসচিব করা হয়েছে সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবীনকে। বরিশাল মহানগরে তিন সদস্যের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মনিরুজ্জামান খান ফারুককে। তিনি সাবেক কমিটিরও আহ্বায়ক ছিলেন। সদস্যসচিব করা হয়েছে জিয়াউদ্দিন সিকদার জিয়াকে। তিনি সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আফরোজা খানম নাসরিনকে। তিনিও আগের কমিটির সদস্য ছিলেন। চট্টগ্রাম মহানগরে দুই সদস্যের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিএনপি নেতা এরশাদ উল্লাহকে এবং সদস্যসচিব করা হয়েছে নাজিমুর রহমানকে। নবগঠিত চার আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নতুন কমিটি গঠনের সময়সীমা বেঁধে দেয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

জানা গেছে, ঢাকা মহানগর বিএনপির কমিটি বিলুপ্তের পর থেকে পদপ্রত্যাশী নেতারা দৌড়ঝাঁপ শুরু করেন। কিন্তু এবার সেই দৌড়ঝাঁপ খুব বেশি কাজে লাগেনি। বিগত যেকোনো সময়ের চাইতে এবার অপেক্ষাকৃত তরুণদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। বিএনপির একাধিক সিনিয়র নেতা জানান, উচ্চ পর্যায়ের নেতাদের অধিকাংশ চেয়েছিলেন ঢাকা মহানগর কমিটিতে সিনিয়র-জুনিয়র সমন্বয় করে কমিটি দেয়া হোক। ঘোষিত কমিটিতে সেটার প্রতিফলন দেখা যায়নি। এর আগে অবিভক্ত ঢাকা মহানগরে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মির্জা গোলাম হাফিজ, লে. জে. (অব:) মীর শওকত আলী, সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাস, আব্দুস সালাম, আমান উল্লাহ আমানের মতো হেভিওয়েট নেতারা দায়িত্ব পালন করেছেন। সেই তুলনায় এবারের কমিটি অনেকটা তারুণ্য নির্ভর ও জুনিয়র নেতাদের সমন্বয়ে করা হয়েছে।

আরো সংবাদ


AD HERE