উচ্চশিক্ষায় দীর্ঘ মেয়াদে অচলাবস্থার আশঙ্কা
- ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ জিলহজ ১৪৪৫
দেশজুড়ে ক্রমেই উত্তপ্ত হচ্ছে মেধাবী শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন। সেই সাথে শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিমের আন্দোলনও আরো জোরদার হচ্ছে। ফলে দুই ইস্যুতে শিক্ষাঙ্গনে বিরাজ করছে অচলাবস্থা। শিক্ষাঙ্গনের এই আন্দোলন এখন রূপ নিচ্ছে রাজপথের আন্দোলনে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিক্ষুব্ধ শিক্ষক ও শিক্ষার্থীদের এই আন্দোলন স্থিমিত করতে না পারলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সৃষ্টি করবে দীর্ঘমেয়াদের অচলাবস্থা।
দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর তদারক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মুহম্মদ আলমগীর মনে করেন, শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্দোলন বন্ধে এখনি উদ্যোগ নেয়া জরুরি। অন্যথায় উচ্চশিক্ষায় যে অচলাবস্থা সৃষ্টি হবে তা দীর্ঘ মেয়াদে নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি আরো বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন থামানো বা সমাধান করা কোনোটিই ইউজিসির এখতিয়ারের মধ্যে নেই। শিক্ষকদের বিষয়টি সরাসরি একটি আর্থিক সংক্রান্ত। এটি কেবল সরকারের সিদ্ধান্ত বা পলিসির ব্যাপার। অন্যটি আদালতের ব্যাপার। তাই ইউজিসি চাইলেও এ বিষয়ে সমাধানের কোনো উদ্যোগ নিতে পারে না। তবে শিক্ষাঙ্গনে কোনো অবস্থায় অচলাবস্থা তৈরি হোক সেটা কোনো মতেই কাম্য নয়।



