তিন বছরে সুদ পরিশোধেই ব্যয় ৪ লাখ ৫ হাজার কোটি টাকা
- ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জিলহজ ১৪৪৫
- অভ্যন্তরীণ ঋণে সুদ ব্যয় ৩,৫৮০০০ কোটি টাকা
- বিদেশী ঋণের সুদ ব্যয় হবে ৬৯,৫০০ কোটি টাকা
- সুদ ব্যয় দিয়ে ১২’র অধিক পদ্মা সেতু নির্মাণ করা যেত
অর্থনীতিকে ‘কুরে কুরে’ খাচ্ছে সরকারের সুদ ব্যয়। প্রতি বছর সরকারের নেয়া দেশী-বিদেশী ঋণের সুদ পরিশোধে অনেক অর্থ ব্যয় করতে হচ্ছে। এবং তা ক্রমেই আকাশচুম্বী হচ্ছে। মধ্যমেয়াদি হিসেবে আগামী তিন অর্থবছরে শুধু সুদ খাতে ব্যয় করতে হবে চার লাখ পাঁচ হাজার কোটি টাকা। যা দিয়ে দেড় বছরের বেশি উন্নয়ন ব্যয় (এডিপি) মেটানো সম্ভব। আগামী অর্থবছরে এডিপি ব্যয় প্রাক্কলন করা হয়েছে দুই লাখ ৬৫ হাজার কোটি টাকা। শুধু তাই নয়, তিন বছরের সুদ ব্যয় দিয়ে ১২টির অধিক পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। উল্লেখ্য, পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছিল ৩২ হাজার ৬০৫ কোটি টাকা।



