ঈশ্বরদীতে তাপমাত্রা ৪২ ডিগ্রি
- ২১ এপ্রিল ২০২৪, ০৮ বৈশাখ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫
পাবনার ঈশ্বরদীতে সপ্তাহজুড়ে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। এ তাপমাত্রা দেশের সর্বোচ্চ হচ্ছে কোনোদিন ঈশ্বরদী কোনোদিন চুয়াডাঙ্গায়।
রোববার (২১ এপ্রিল) বিকেল ৩টায় ঈশ্বরদীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া প্রায় প্রতিদিনই ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠা নামা করছে। তবে রোববার চলতি মৌসুমের ঈশ্বরদীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদী আবহাওয়া অধিদফতরে।
চৈত্রের কাঠফাটা রোদের পর বৈশাখের শুরুতে তীব্র তাপদাহ চলছে প্রকৃতিতে। এ দিকে সপ্তাহজুড়ে ঈশ্বরদীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপদাহ। এতে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা বিরাজ করছে। একইসাথে পাল্লা দিয়ে মানুষের ভোগান্তি বাড়াচ্ছে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। ঝরে যাচ্ছে মৌসুমি ফল বিশেষ করে আম, লিচু ও বাদাম।
সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত একই মাত্রায় থাকছে এই অসহ তাপদাহ। সূর্য একটু উপরে উঠতেই মনে হয় যেন আগুনের স্ফুলিঙ্গ। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে চাচ্ছে না গ্রামের মানুষ। তাই দুপুর গড়াতেই পথ-ঘাট প্রায় জনশূন্য হয়ে পড়ছে।
এ দিকে তীব্র তাপদাহের প্রভাব পড়ছে জনস্বাস্থ্যে। জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়াসহ নানা রোগের প্রাদুর্ভাব বেড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ হচ্ছে রোগীর সিরিয়াল।



