গাজায় যুদ্ধবিরতি : কায়রোতে অগ্রগতির দাবি
- ০৮ এপ্রিল ২০২৪, ২৫ চৈত্র ১৪৩০, ২৮ রমজান ১৪৪৫
গাজায় যুদ্ধবিরতি নিয়ে কায়রো আলোচনায় অগ্রগতি হয়েছে বলে দাবি করা হয়েছে। মিসরীয় মিডিয়ার খবরে বলা হয় যে স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরাইলি সৈন্য প্রত্যাহার, বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন, বন্দী বিনিময় নিয়ে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস তার আগের অবস্থানে অটল রয়েছে।
মিসরের রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল-কাহেরা নিউজ জানায়, গাজায় যুদ্ধবিরতি নিয়ে সকল পক্ষের মধ্যে কায়রো আলোচনায় অগ্রগতি হয়েছে। চ্যানেলটি এক সিনিয়র মিসরীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে সোমবার ভোর রাতে এ তথ্য জানায়।
উল্লেখ্য, ছয় মাসের সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনার জন্য ইসরাইল ও হামাস রোববার তাদের প্রতিনিধিদল পাঠায়।
আল-কাহেরা যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির দাবি করলেও হামাস বা অন্য কোনো পক্ষের কাছ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি।



