পদ্মা ও এক্সিম ব্যাংকের একত্রীকরণে কী কী পরিবর্তন আসবে
- ১৬ মার্চ ২০২৪, ০২ চৈত্র ১৪২৯, ০৫ রমজান ১৪৪৫
বাংলাদেশে প্রথমবারের মতো দু’টি বেসরকারি ব্যাংক একীভূত হওয়ার ঘোষণা দিয়েছে। ইসলামী শরীয়াহ ধারায় পরিচালিত এক্সিম ব্যাংক এবং সাধারণ ব্যাংকিং ধারায় পরিচালিত পদ্মা ব্যাংক দু’টি একীভূত হওয়ার কথা জানিয়েছে। সোমবার এ সম্পর্কিত চূড়ান্ত সমঝোতা স্মারক দুই ব্যাংকের মধ্যে সই হবে।
এ বিষয়ে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে তাদের দুই সপ্তাহ আগে যেকোনো একটি দুর্বল ব্যাংকের সাথে একীভূত হওয়ার নির্দেশনা দিয়েছে। এর অংশ হিসেবেই দুই ব্যাংকের কর্মকর্তারা আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় আমাদের অ্যাডভাইস করেছেন যে আপনারা যদি মিলেমিশে যেতে পারেন তাহলে আমার কোনো আপত্তি থাকবে না। আর যদি আপনারা নিজেরা আলোচনা করে কোনো সিদ্ধান্তে আসতে না পারেন তাহলে কেন্দ্রীয় ব্যাংক থেকে আমরা পরামর্শ দেবো অথবা সর্বশেষ আমরা ইমপোজ করব।’
‘ইমপোজ করতে গেলে এটা আরো খারাপ দেখা যায়। আমরা নিজেরাই আলোচনা করে দু’টি ব্যাংক সিদ্ধান্ত নিলাম যে আমরা একত্রিত হয়ে যাবো।’
পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশ ব্যাংকের প্রোম্পট কারেক্টিং অ্যাকশন ফ্রেমওয়ার্ক অনুযায়ী, ব্যাংক খাতের সংস্কারের জন্য দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী ব্যাংকের সাথে একীভূত করে দেয়ার যে নির্দেশনা ছিল সে অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংক খাত সংস্কারের লক্ষ্য থেকে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংককে একীভূত করার যে সিদ্ধান্ত নিয়েছে তা নিঃসন্দেহে ভালো। তবে এটি আসলেই কতটা ফলপ্রসূ হবে তা নির্ভর করবে একীভূত ব্যাংকগুলো কতটা ভালভাবে পরিচালিত হতে পারে তার ওপর।



