বিমান ও মর্টার শেলের শব্দে আবারো কাঁপছে টেকনাফ
- ০৬ মার্চ ২০২৪, ২২ ফাল্গুন ১৪৩০, ২৪ শাবান ১৪৪৫
নিজেদের অস্তিত্ব রক্ষায় মিয়ানমারের সরকারি বাহিনীর সাথে আরাকান আর্মির যোদ্ধাদের সংঘর্ষ চলছে। গত সোমবার রাখাইন রাজ্যে রাতভর গোলাগুলি, গ্রেনেড, বোমা ও মর্টার শেলের বিস্ফোরণ ঘটেছে। পরদিন মঙ্গলবার মংডু শহরের উত্তরে খুমিরখালী, নাফপুরা, বলিবাজার, নাইডাচং, কোয়াচিডং, শিলখালী, কেয়ারিপ্রাং, পেরাংপ্রু এলাকায় একই অবস্থা ছিল। বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঘণ্টাব্যাপী সীমান্তের ওপারে বিমান উড়তে দেখা গেছে। এ সময় শক্তিশালী বিস্ফোরণে টেকনাফ সীমান্তে কেঁপে ওঠে। ফলে আতঙ্কে কাটে টেকনাফ পৌর শহরবাসীর। সাবরাং, হ্নীলা, হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দাদেরও নির্ঘুম রাত কাটে। গতকাল বিকেল ৪টায় হোয়াইক্যং সীমান্তে খারাংখালী থেকে ওপারে বিমান ও হেলিকপ্টার উড়তে দেখা যায়।



