অবশেষে বিশাল জয় পেলেন নওয়াজ
- ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৬ মাঘ ১৪৩০, ২৭ রজব ১৪৪৫
অবশেষে বিশাল জয় পেয়েছেন পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের সুপ্রিমো এবং সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। জাতীয় পার্লামেন্ট নির্বাচনে একটি আসনে শোচনীয়ভাবে হারলেও অপরটিতে বিপুলভাবে জয়ী হয়েছেন।
আজ শুক্রবার ঘোষিত ফলাফলে দেখা যায়, নওয়াজ শরিফ এনএ ১৩০ আসনে বিপুলভাবে জয়ী হয়েছেন। তিনি ১,৭১,০২৪ ভোট পেয়ে জিতেছেন। এই আসনে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ড. ইয়াসমিন রশিদ পরাজিত হয়েছেন ১,১৫,০৪৩ ভোট পেয়ে।
এদিকে নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজও জয়ী হয়েছেন। তিনি এনএ ১১৯ আসন থেকে ৮৩,৮৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
এখন পর্যন্ত বেসরকারিভাবে যে ৩৭টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে পিএমএল-এন ১৪টিতে স্বতন্ত্র (তাদের কয়েকজন পিটিআই সদস্য) ১২টিতে, বিলওয়াল ভুট্টো-জারদারির পিপিপি ৯টিতে জয়ী হয়েছে। এছাড়া অন্যান্য দল থেকে নির্বাচিত হয়েছেন দুজন।
পাকিস্তানে সরকার গঠন করার জন্য অন্তত ১৩৩টি আসনের প্রয়োজন। ৩৩৬ আসনবিশিষ্ট পাকিস্তান পার্লামেন্টে গতকাল ২৬৫টি আসনে ভোটগ্রহণ হয়েছে। একটি আসনে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। বাকি ৭০ আসন সংরক্ষিত। এছাড়া চারটি প্রাদেশিক পরিষদের নির্বাচনও গতকাল হয়েছে।



