ময়মনসিংহে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
- Tue, 23 Jan 2024
ময়মনসিংহের তারাকান্দায় আলুবোঝাই ট্রাকের সাথে চিনিবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঘোষবেড় গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে পিকআপচালক কামরুল ইসলাম (২৫), সন্ধ্যাপুড়া গ্রামের ওসন আলীর ছেলে কাদির মিয়া (৪৫) ও আকদপাড়া গ্রামের মৃত রঞ্জন আলীর ছেলে মিজানুর রহমান (৪৫)। নিহত সবাই হালুয়াঘাট উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চিনিবোঝাই পিকআপটি হালুয়াঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে ঢাকা-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা আলুবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক কামরুল ইসলাম মারা যান। আহত হন পিকআপের আরো দুই আরোহী। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান ও কাদিরকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় আহত দু’জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মর্গে পাঠানো হয়েছে।



