অধিক সম্পদ অর্জনের প্রেরণা ও প্রযত্ন
- Mon, 15 Jan 2024
কারো কারো অধিকতর সম্পদশালী ওরফে ধনী হওয়ার প্রবণতা উদ্বেগ উৎকণ্ঠার কারণ হয়ে রয়েছে। ১৯৪৩-এর ভয়াবহ দুর্ভিক্ষের প্রাক্কালে যেসব প্রবণতা পরিলক্ষিত হয়েছিল তার প্রচ্ছন্ন উপস্থিতি শুধু বাংলাদেশে নয় অনেক অর্থনীতিতেও, ১৯৩০ সালের গ্রেট ডিপ্রেশন কিংবা নিকট অতীতে ১৯৯৭ সালের এশীয় ক্রাইসিস এবং ২০০৭-০৮ সালের অর্থনৈতিক মন্দার কারণ ও প্রভাবের ভূত দেখা যাচ্ছে সেই ১৮-১৯ থেকে। বোঝা যায়, করোনা কিংবা ক্রেমলিন-কিয়েভ বাংলাদেশের কতিপয়ের আঙুল ফুলে কলাগাছ হওয়ার পথ রুদ্ধ করতে পারেনি। এ কারণে এ সময়ে সমাজে ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়-ব্যয়ে স্বচ্ছতা আনয়নে বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থায় দায়িত্বপ্রাপ্ত হয়ে অধিষ্ঠিত কর্তাব্যক্তিদের দায়িত্বপালনে অর্পিত ক্ষমতা প্রয়োগে প্রতিশ্রুতি ও দৃঢ়চিত্ত হওয়ার প্রয়োজনীয়তার প্রসঙ্গটিও উঠে আসছে। নিজেদের অধিক্ষেত্রে প্রদত্ত ক্ষমতাবলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পরিবর্তে আদিষ্ট হয়ে যদি তাদের কর্মধারা পরিচালিত হয়; সে ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান কার্যকরভাবে জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে পারে না। এ ক্ষেত্রে স্বেচ্ছাচার ও স্বচ্ছতার অভাবে আকীর্ণ হয়ে উঠতে পারে, স্বেচ্ছাচারিতার অজুহাত যৌক্তিকতা এমনকি স্বজনপ্রীতির পরিবেশ বা ক্ষেত্র তৈরি হয়। সুশাসন প্রতিষ্ঠায় এটি প্রধান অন্তরায়।



