গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুন : কারণ জানা যায়নি এখনো
- Sat, 06 Jan 2024
ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। শুক্রবার রাত ৯টার দিকে বেনাপোল থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসা ট্রেনটিতে আগুন লেগে অন্তত চারজনের মৃত্যু হয়েছে।
র্যাবের গণমাধ্যম পরিচালক খন্দকার আল মঈন রাত সাড়ে ১০টায় ঘটনাস্থলেই সাংবাদিকদের জানান যে তখন পর্যন্ত ট্রেনের ভেতর থেকে চারটি লাশ উদ্ধার করা হয়েছে।
ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে রাত সাড়ে ৯টার দিকে গোপীবাগ কাঁচাবাজার এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।
জানা গেছে ট্রেনটির কয়েকটি বগিতে আগুন জ্বলতে দেখা গেছে এবং সেখানেই ট্রেনটি থেমে গেলে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা শুরু করে।
দ্রুতই ফায়ার সার্ভিসের একাধিক দল সেখানে পৌঁছায়। নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে ট্রেনটিতে তল্লাশি চালানো হচ্ছে।



