বেসরকারি বিনিয়োগ ত্রিমুখী চাপে
- Thu, 02 Nov 2023
নেতিবাচক প্রভাব কর্মসংস্থানে
সাভারে একটি তৈরী পোশাকের সহযোগী শিল্প কারখানা রয়েছে ‘ক’ নামক একজন সফল শিল্প উদ্যোক্তার। চলমান পরিস্থিতিতে তিনি এলসি খুলতে পারছেন না। ব্যাংক থেকে আগের মতো বিনিয়োগও পাওয়া যাচ্ছে না। ডলার সঙ্কটের কারণে চাহিদা অনুযায়ী পণ্য আমদানি করতে পারছেন না। বাধ্য হয়ে তার ব্যবসা গুটিয়ে নিয়ে আসছেন। উৎপাদন কমে যাওয়ায় ইতোমধ্যে অর্ধেকের বেশি শ্রমিক ছাঁটাই করতে হচ্ছে। সামনে বাকি অর্ধেকের বেতন জোগাড় করতে পারবেন কী না তা নিয়ে চিন্তিত রয়েছেন। ওই ব্যবসায়ীর মতো বেশির ভাগেরই একই অবস্থা। অনেক প্রতিষ্ঠান শ্রমিকের বেতন-ভাতার সংস্থান করতে পারছে না। বাধ্য হয়ে সঙ্কুচিত করে ফেলছেন ব্যবসা প্রতিষ্ঠান। বেসরকারি বিনিয়োগের এ বেহাল অবস্থার ইঙ্গিত রয়েছে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনেও। কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রতিবেদন থেকে দেখা যায়, গত সেপ্টেম্বরে বেসরকারি বিনিয়োগের প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ, যা গত প্রায় দুই বছরের মধ্যে সর্বনিম্ন।



