সরকার রাস্তাঘাট বন্ধ করবে কি না, জানতে চেয়েছেন পিটার হাস : স্বরাষ্ট্রমন্ত্রী
- Sun, 22 Oct 2023
আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে সরকার ঢাকার সব প্রবেশপথ, রাস্তাঘাট সরকার বন্ধ করবে কিনা, তা জানতে চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
রোববার (২২ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠকে এ নিয়ে জানতে চান তিনি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে বিরাট কর্মসূচি দিয়েছে বিএনপি। সেখানে অনেক লোক নিয়ে আসবে তারা। পরিপ্রেক্ষিতে পিটার হাস জানতে চেয়েছেন তোমরা রাস্তাঘাট বন্ধ করে দেবে কি না, কিংবা তোমরা অন্য কিছু করবা কি না।?,
তিনি বলেন, আমরা মার্কিন রাষ্ট্রদূতকে জানিয়েছি, সেই ধরনের কোনো পরিকল্পনা আমাদের নেই। বিএনপি রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। আশা করি, শান্তিপূর্ণভাবে তা পালন করবে তারা। এতে আমাদের কিছু বলার নেই।
২৮ অক্টোবর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমরা মনে করি; বিএনপি রাজনৈতিক এজেন্ডা ঠিকভাবেই করবে। এমনটি হলে কিছু বলার নেই। যোগাযোগ বন্ধ হবে না। এমন চিন্তা আমাদের নেই।
তিনি বলেন, রাজধানী অচল হতে দেয়া হবে না। জনগণের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী এখন থেকেই সতর্ক অবস্থানে রয়েছে। সর্বত্র সর্বোচ্চ নজরদারি চলছে।
সবশেষে মন্ত্রী বলেন, রাষ্ট্রদূত এমন প্রশ্ন করতে পারেন কিনা? এটা শিষ্টাচার বহির্ভূত কিনা? সেই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম।



