ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে রশিদ খান, দিয়ে দেবেন বিশ্বকাপ খেলে পাওয়া সব টাকা
- Sun, 08 Oct 2023
ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানের হেরাত প্রদেশ। জিন্দা জান এলাকা পরিণত হয়েছে মৃত্যুপুরিতে। প্রাণহানী ছাড়িয়েছে ২ হাজার। ক্ষতিগ্রস্ত অসংখ্য মানুষ। ঠাঁই হারানো মানুষের সংখ্যাও কম নয়। যা দেখে ভালো নেই রশিদ খানের মন, দেশের মানুষের জন্য মন কাঁদছে তার।
বিশ্বকাপ খেলতে রশিদ খানসহ আফগানিস্তান দল এখন অবস্থান করছে ভারতে। সেখানে বসেই এ খবর শুনে মর্মাহত রশিদ। তনে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর ওপর শুধু সহানুভূতি প্রকাশ করেই বসে নেই তিনি, তাদের সাহায্যার্থে অনুদানের হাত বাড়িয়ে দিয়েছেন এই ক্রিকেটার।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য বিশ্বকাপ থেকে পাওয়া সম্পূর্ণ ম্যাচ ফি দিয়ে দেবেন রশিদ খান। সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় রাশিদ নিজেই জানিয়েছেন এই তথ্য। সেই সাথে অন্যদেরও সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। রশিদ বলেন,‘ভারাক্রান্ত মনে পশ্চিম প্রদেশের ভূমিকম্পের মর্মান্তিক প্রভাবের খবর জেনেছি। আমি ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ম্যাচ ফির পুরোটা ক্ষতিগ্রস্তদের সাহায্যে দিচ্ছি। যারা সাহায্য করতে চান তাদের জন্য শীঘ্রই আমরা একটি তহবিল সংগ্রহের কর্মসূচি শুরু করব।’
উল্লেখ্য, হেরাত প্রদেশের জিন্দা জান জেলায় শনিবার স্থানীয় সময় ১১টার দিকে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। কয়েকবার কম্পনের ফলে গোটা এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়।
বার্তা সংস্থা রয়টার্স মৃতের সংখ্যা ২ হাজার ৫৩ বলে উল্লেখ করেছে। এছাড়া ৯ হাজার ২৪০ জন আহত এবং ১ হাজার ৩২৯টি বাড়িঘর বিধ্বস্ত হওয়ার তথ্য দিয়েছে আফগান দুর্যোগ মন্ত্রণালয়।



