গোশত আমদানি সমাধান নয় প্রাণিসম্পদ সংশ্লিষ্টদের অভিমত
- Sat, 30 Sep 2023
রাজধানীতে হোটেল-রেঁস্তোরায় বিক্রি হচ্ছে মহিষের সিদ্ধ গোশত। কাঁচা গোশত আমদানি করতে না পেরে একশ্রেণীর ব্যবসায়ী সিদ্ধ গোশত আমদানির ভিন্ন কৌশল নিয়েছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্ধ করা গোশতের মার্কেট জমে উঠেছে। তবে, এবার হিমায়িত মহিষের গোশত আমদানির অনুমতির জন্য প্রাণিসম্পদ অধিদফতর ও বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই)। ভারত থেকে আগামী তিন মাসে ৫০ লাখ টন মহিষের গোশত আমদানির অনুমতি চেয়েছে তারা। হিমায়িত মহিষের গোশত আমদানির অনুমতি দিলে দেশে গোশতের দাম কমবে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। তবে, প্রাণিসম্পদ খাত সংশ্লিষ্টরা বলছেন, হিমায়িত গোশত আমদানিতে বাজারে খুব বেশি প্রভাব পড়বে না। বরং গত প্রায় অর্ধযুগ ধরে দেশে প্রাণিসম্পদ খাতে যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন হয়েছে তাতে নেতিবাচক প্রভাব পড়বে। লোকসানে পড়বেন উদ্যোক্তা ও খামারিরা। আমদানি ছাড়াও দেশীয় গবাদিপশু দিয়েও ন্যায্যমূল্যে গরুর গোশত খাওয়ানো সম্ভব বলে মনে করেন বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন। গোশত আমদানি করে দাম কমানোতে স্থায়ী সমাধান আসবে না বলে মনে করেন প্রাণিসম্পদ খাত সংশ্লিষ্টরা।



